চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামে কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক।
রোববার (২৪ মে) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলা বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গা গামী একটি সিএনজি অটোরিকশা (কুমিল্লা-খ ১৩১১৪৪) যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় যাত্রী রবিউল আলম গাড়িতে উঠছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ওভারলোড বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫৮৮৯২) সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে রবিউল আলম ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি শাহরাস্তি উপজেলার শিবপুর নোয়াবাড়ি এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে এবং শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশা চালক মেহেদী হাসান (২৩)। তিনি পাশ্ববর্তী কচুয়া উপজেলার ইসলামপুর ফরাজি বাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফম/এমএমএ/



