চাঁদপুর : রমজান মাসের শুরুতে চাঁদপুর শহরে তরমুজের দাম ছিল ২০০ থেকে ৪০০টাকা। এখন দাম কমে ছোট সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকা। বড় সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ২০০টাকা। একই সাথে রমজানের পূর্বের ১৬০টাকার প্রতি পিচ ডাব বর্তমান বিক্রি হচ্ছে ৭৫-৮০টাকা।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের কালিবাড়ী, হকার্স মার্কেট, মিশন রোড মোড় ও ট্রাকরোডের ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে। শহর জুড়ে ফলের দোকানে ফল এবং তরমুজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা সংখ্যা খুবই কম দেখাগেছে।
রমজানের শুরুতে জেলা শহরের প্রত্যেক মোড়ে ও ফলের দোকানগুলোতে ইচ্ছেমত মূল্যে তরমুজ বিক্রি শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। যার ফলে সাদা পোষাকে পুরো জেলা জুড়ে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। রমজান জুড়ে পুলিশ বাজার মনিটরিং করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
শহরের মিশন রোড মোড়ের ভ্যানে করে তরমুজ বিক্রি করেন রাশেদ। তিনি বলেন, তার কাছে থাকা ছোট বড় সব সাইজের তরমুজ গড় মূল্য ১২০টাকা। ক্রয় মূল্য জানতে চাইলে ক্ষেপে যান রাশেদ।
তার পাশেই শুক্কুরের দোকানে বিক্রি হয় ডাব। দাম প্রতি পিচ ৭৫-৮০টাকা। একই দোকানে রমজানের পূর্বে প্রতি পিচ ডাব বিক্রি হয়েছে ১২০-১৬০টাকা।
শহরের ট্রাকরোড বটতলা ভ্যান গাড়ীতে তরমুজ বিক্রি করেন আরেক বিক্রেতা সোলেমান। তিনি বলেন, বড় ছোট সাইজের তরমুজ ১৫০ থেকে ২০০টাকা। তার কাছ থেকে তরমুজ ক্রয় করতে আসলেন জামসেদ সরকার নামে এক ক্রেতা। তিনি বলেন, কয়েকটি কিনেছি। ভিতরে সাদা থাকে। তরমুজ এখনো অপরিপক্ক।
ফম/এমএমএ/



