চাঁদপুর: চাঁদপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে “অভিষেক ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬”। দিনব্যাপী এই আয়োজনে থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কাদের পলাশ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
আয়োজক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার মধ্যে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে।
শিশুদের জন্য রাখা হয়েছে ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট দৌড়, অঙ্ক দৌড় ও বেলুন ফুটানোর মতো বিভিন্ন আকর্ষণীয় খেলা। এছাড়া ভাবী-কন্যাদের জন্য বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ ও চেয়ার দখল প্রতিযোগিতা এবং সদস্যদের জন্য মিনি গলফ ও ডার্ট খেলার আয়োজন রয়েছে।
দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজ শেষে ২টা ৩০ মিনিটে পিকনিক আয়োজন বিষয়ে সদস্য ও ভাবিদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে মূল অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সভাপতির স্বাগত বক্তব্য প্রদান করবেন ফোরামের সভাপতি কাদের পলাশ। এরপর ১৫ জন অভিষিক্ত সদস্যকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার মো. রবিউল হাসান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
এছাড়া সম্মাননা স্মারক প্রদান করা হবে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এড. নুরুল আমিন খান আকাশ, সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলমগীর কবির পাটওয়ারীসহ চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হবে।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর রাত ৮টা থেকে ডিনারের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এবং আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফম/এমএমএ/


