কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার তফিরা ছালেহিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসা হল রুম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন বোর্ডের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদেরকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন তফিরা ছালেহিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম তামিম আসরাফ বিন কুতুবউদ্দিন ও হাফেজ মাওলানা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি ও কুমিল্লা মেডিকেল মসজিদের খতিব মাওলানা হাফেজ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ লিয়াকত আলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, মাদরাসার সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনির হোসেন এবং ১০ নং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতিকুর রহমান বাবুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহাজালাল, বিশিষ্ট সমাজসেবক জানে আলম, মোবারক হোসেন মাস্টার ও জাহাঙ্গীর আলম মিয়া, মাওলানা মফিজুল ইসলাম এবং মুফতি ওমর ফারুক শাহজীসহ মাদরাসার শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ গঠন এবং যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফলে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয় এবং মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতি কামনা করা হয়।
ফম/এমএমএ/


