রেস্টুরেন্টের ফ্রিজে ইলিশ, বাসি খাবার : চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরে বিক্রির জন্য রেস্টুরেন্টের ফ্রিজে ইলিশ মাছ সংরক্ষণ, বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দ করা ১২ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্রিজে বিক্রির জন্য ইলিশ মাছ সংরক্ষণ ও বিক্রি, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে কাজী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

এ ছাড়া ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করে কলা পাকানোর অপরাধে কলা ব্যবসায়ী মো. হারুনকে ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রির দায়ে চাঁদপুর ভেটেরিনারি ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় হাসান এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা ইলিশ মাছ তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, মৎস্য জরিপ কর্মকর্তা মোসা. ফারহানা আক্তার রুমা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম