জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী ইসলামী সন্মেলন শনিবার কৈজুড়ী জাকের মঞ্জিলে শুরু হয়েছে। সারা দেশ থেকে লাখো শান্তিকামী মানুষ সমবেত হয়েছেন অনুষ্ঠানে।
আরবী হিসাব অনুসারে ৭ সফর বিশ্ব ওলীর ওফাত দিবস। শোক বিধুঁর এ দিবস উপলক্ষ্যে আজ ৬ সফর মাগরিব ওয়াক্ত থেকে শুরু হয় ইসলামী সন্মেলন।
আজ থেকে ২১ বছর বছর আগে (২০০১ সাল) ৬ সফর রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর ওফাত লাভ করেন বিশ্বওলী। দেশ বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে বনানী পাক দরবার শরীফ থেকেই মহান রাব্বুল আলামীনের সান্নিধ্যে গমন করেন।
ফরিদপুরের কোতোয়ালির ঘোড়াদহ এলাকায় কৈজুড়ী জাকের মঞ্জিলে মাগরিব নামাজের পরে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে শুরু হয় ইসলামী সন্মেলন।
অত্যন্ত শোকঘন ও বেদনা বিধূর আবহে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহদো, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফলি ও বিশেষ মুনাজাত এবং প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বওলীর অবদান এবং হেদায়েতের জীবন আলোকপাত করে বয়ান হবে। রাত ১:৩৫ মিনিটে পবিত্র ওফাতক্ষণ স্মরনে মিলাদ মাহফিল ও যিয়ারত অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার বাদ আছর বিশ্বওলীর (রঃ) পবিত্র রওজা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে ইসলামী সন্মেলন সম্পন্ন হবে।
বিশ্বওলীর আধ্যাত্মিক উত্তরাধিকার ও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সন্মেলনে সমবেতদের সাক্ষাত দান করবেন ও বক্তব্য রাখবেন। একই সাথে বহির্বিশ্বের নানা দেশে জাকের পার্টি শোক বিধুঁর দিবসের কর্মসূচী পালন করবে।
ইসলামী সন্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হবে।-খবর দৈনিক জনকন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/



