চাঁদপুর: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচণ্ডী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বেশ জমে উঠেছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করতে তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দলীয় সমর্থন পেতে চেয়ারম্যান পদে ১০ জন এবং মেম্বার পদে সর্বমোট ৫০ জন প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক পীরজাদা বরকত উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান জসিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সরকার মিলন।
সভায় তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ১০ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তারা হলেন— চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিয়াজী,বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ দর্জি,সহ-সভাপতি আলম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফ মাহমুদ কবির ছৈয়াল, ইতিহাস গাজী, সুফিয়ান খন্দকার ও ওমর গাজী।
এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ মেম্বার) পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জনসহ মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন বলে জানানো হয়।
বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
ফম/এমএমএ/


