‘যথাযথ স্বাস্থ্য সেবার জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই’

সিভিল সার্জন, চাঁদপুরের সাথে সনাক-এসিজির মতিবিনিময় সভা

মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নুর আলম দীন।

চাঁদপুর:  সিভিল সার্জন, চাঁদপুরের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর  সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের মাধ্যমে ঐ এলাকার জনসাধারণের কাছ থেকে পাওয়া সমস্যা ও পরামর্শগুলো তুলেন ধরেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা।

মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নুর আলম দীন। তিনি বলেন প্রতিটি ইউনিয়নে একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র থাকার কথা। কিন্তু প্রতিটি ইউনিয়নে উপস্বাস্থকেন্দ্র নেই। যে কটি আছে সেগুলোতে বরাদ্দ খুবই কম। ইতিমধ্যে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেবাগ্রহিতাদের কাছ থেকে যেসকল সমস্যা ও পরামর্শ এসেছে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ক্লিনিক ও ডায়াগণষ্টিকগুলোর অব্যবস্থাপনা ও একই মূল্য তালিকা নির্ধারণের জন্য সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সেই নরমাল ডেলিভারি সেবা প্রদানের সুব্যবস্থা রয়েছে। আপনারা যে সমস্যা ও পরামর্শগুলো উপস্থাপন করেছেন আশা করছি সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। আর যে সমস্যাটি সমাধান করা সম্ভব হয় তা উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সনাক-টিআইবি’র এধরনের কার্যক্রমগুলোর প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, চাঁদপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সনাক-চাঁদপুর কাজ করে যাচ্ছে। সেবা গ্রহিতাদের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গাটা অনেক বেশি। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগেরও সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান আরেকটু বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা উন্নত না হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আমরা স্বাস্থ্যসেবা দাতা ও গ্রহিতাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরির জন্য কাজ করছি। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, মোহাম্মদ আসিফ-উল-ইসলাম, হানারচর উপস্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ ইমাম হোসেন, এসিজি গ্রুপের সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ ও সিভিল সার্জন অফিসের কর্মচারীরা।

ফম/এমএমএ/