মোহনপুর পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলার অভিযোগ, বন্ধের হুমকি

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে দেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন কেন্দ্রে চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) চাঁদপুর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, স্থানীয় একদল সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মোহনপুর পর্যটন কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে ওই ইউনিয়নের শাহীন খালাসী, শামীম খালাসী, জহির খালাসী,  নুরু ইসলাম, পাবেল ও আবু তাহেরের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল। সর্বশেষ তারা সোমবার রাতে চাঁদা চেয়ে না পেয়ে পর্যটনের ৬টি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে পর্যটন বন্ধের এবং কর্মকর্তা ও শ্রমিকদেরকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান  বলেন, ওই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল এবং পর্যটনে কর্মরত শ্রমিকরা ডিউটি শেষে বাড়িতে ফেরার সময় তাদেরকে কর্মস্থলে আসতে বাধা প্রদানসহ নানা প্রকার হুমকি প্রদান করায় সন্ত্রাসীদের ভয়ে প্রাণ বাচাঁতে বেশ কয়েকজন শ্রমিক কর্মছেড়ে চলে গেছেন ।

এছাড়া পর্যটন মার্কেটের ২০ থেকে ৩০টি দোকান জোরপূর্বক বন্ধ করে দিয়ে পর্যটনে আগত দর্শনার্থীদের মাঝে আতংক ছড়াচ্ছেন ওই সন্ত্রাসীরা।

নাম প্রকাশ না করার শর্তে পর্যটনে কর্মরত কয়েক জন শ্রমিক জানান, আমরা কাজ শেষে বাড়ি যাওয়ার সময় প্রতিনিয়ত সন্ত্রাসীদের বাধার সম্মুখীন হচ্ছি। কোন প্রতিবাদ করা যায় না। এতে করে নিরাপত্তাহীনতায়ও ভুগছি।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এই বিষয়ে গণমাধ্যশকে বলেন, আমি এ ধরনের একটি অভিযোগ পেয়েছি এবং ভিডিও দেখেছি। এ বিষয়ে পর্যটন মালিক কাজী মিজানকে থানায় মামলার করার জন্য বলেছি। এরপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম