মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রবিউল (১৯) নামের কিশোর কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাতে উপজেলার ছালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রবিউল ওই গ্রামের ফারুক মিজির ছেলে। মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।

ওসি মো. আবদুল মান্নান বলেন, ফোন কিনে দিতে না পারায় বাবা-মায়ের ওপর অভিমান করে রবিউল আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারে সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটি বাবার কাছে মোবাইল ফোন কেনার জন্য টাকা চাইছিল কয়েক দিন ধরে। টাকা না দেওয়ায় গতকাল শুক্রবার রাতে তিনি কীটনাশক পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে রবিউলকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম