চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হক এর নেতৃত্বে জেলার মতলব উত্তর এখলাছপুর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোরচর হতে ঢাকাগামী দুটি কাঠের ট্রলার তল্লাশি করে ৩১০০ কেজি (৭৭.৫ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মুল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



