
ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর : মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় চাঁদপুরে প্রশিক্ষক ও মেন্টর তৈরির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সভা সম্পন্ন হয়।
সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমার সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এবং জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ।
সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
প্রশিক্ষণে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মনোনীত ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আমন্ত্রিত অতিথিরাও এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাদকাসক্তির ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব হবে।
ফম/এমএমএ/


