চাঁদপুর: প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা নদীতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে মেঘনা নদীর চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সেনাবাহিনী, জেলা পুলিশ, নৌ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও গণমাধ্যমকর্মীরা যৌথভাবে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের এই অভিযান সফল করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে।
সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, নৌবাহিনী ও কোস্টগার্ডের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানের সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ও নৌকা তল্লাশি করা হয় এবং মা ইলিশ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জেলা মৎস্য অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী ৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৭০ জেলে আটক হয়েছে।
ফম/এমএমএ/



