চাঁদপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার রাতে চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিজন কলোনির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।পরিদর্শনকালে শামছুল আলম সূর্য বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও নির্বিঘ্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এ সম্প্রীতি অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনা লালন করেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী পূজা মন্ডপের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। কোন অপশক্তি যেন আমাদের পারস্পরিক এই সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বিনষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রুবেন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল, সদস্য সচিব নুর মোহাম্মদ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমিন গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।


