মেঘনায় অর্ধশত জেলে নৌকা তাড়িয়ে ডাঙায় উঠালেন টাস্কফোর্স

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ও রাজস্ব খাতের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর, বাংলাদেশ কোস্ট গার্ড নৌপুলিশ টিমসহ মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়। অভিযানে অর্ধশত জেলে নৌকাকে তাড়িয়ে ডাঙায় উঠিয়ে দেয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর মিনিকক্সবাজার ও কাচিকাটা অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, মোবাইল কোর্টে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও মতলব উত্তর হতে জাটকা শিকারের জন্য আগত প্রায় ৫০ টি মত জেলে নৌকা নদীতে থেকে তাড়িয়ে ডাঙায় উঠতে বাধ্য করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন, কোস্টগার্ড চাঁদপুরের পেটি অফিসার মোঃ মনির হোসেন, নৌ পুলিশের এএসআই অনিল বিহারি নাথ।

জব্দকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম