মর্ডাণ শিশু একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ

চাঁদপুর: চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড ব্যাংক কলোনি মর্ডাণ শিশু একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সাথে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে একাডেমী ভবনে অধ্যক্ষ ওমর ফারুক এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন-একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন।  বিদায়ই শিক্ষার্থীদের মধ্যে আবেগময় কান্না জড়িত কন্ঠে বক্তব্য দেন-পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যাওয়াতা আফরান, মাহজাবীন লাবন্য, ফাইয়াদ বিন ফারুক ও রাদিয়া ইসলাম।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুক বলেন, মানুষের জীবনের পুরোটা সময় বিভিন্ন ধাপে বিভক্ত। একটা ধাপ পেরিয়ে আরেকটা ধাপে উঠতে অনেক কাঠখড় পোহাতে হয়। প্রতিটি ধাপের কষ্টগুলোকে অসহ্য মনে হয়। তবুও জীবনের কঠিন বাস্তবতায় সেগুলোকে মাড়িয়ে সামনের পথে এগিয়ে চলতে হয়। তোমরা আগামী দিনে শিক্ষা অর্জনের পাশাপাশি দেশের নেতৃত্ব স্থানে বসে এই দেশ পরিচালনা করবে। তোমরা জ্ঞান অর্জনের মাধ্যমে এই দেশ ও জাতিকে একটি সুন্দর সোনার বাংলা উপহার দিবে।
তিনি বলেন, তোমাদের কর্ম হলে তোমরা হাজারো বছর ধরে মানুষের হৃদয় বেঁচে থাকবে জ্ঞান চর্চার মাধ্যমে।  একজন শিক্ষার্থীর জীবনের শুরুর বাস্তবতা পড়ালেখার মাধ্যমে শুরু হয়। স্কুল-কলেজ শেষে যখন একজন শিক্ষার্থী ভার্সিটি জীবনে প্রবেশ করে, তখনই মূলত তার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সুন্দর একটি ভবিষ্যতের আশায় চিন্তামগ্ন প্রতিটি শিক্ষার্থীর দেখতে দেখতে হারিয়ে যায় লাইফের অন্যতম সেরা সময়গুলো। যখন হুঁশ ফেরে তখন যেন গোধূলিলগ্ন, চাইলেও দিনের আলোকে তখন আর ফিরিয়ে আনা সম্ভব হয় না।
অধ্যক্ষ বলেন, বিদায় বেলায় প্রতিটি শিক্ষাগুরুর বক্তব্য শুনে নিজেদের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ছিল।  প্রতিটি শিক্ষার্থী আজ মনের গভীর থেকে ভালোবাসার দৃষ্টিতে এসব শিক্ষাগুরুর কাছে তাদের সব ভুলত্রম্নটির জন্য ক্ষমার চাহনিতে তাকিয়ে ছিল। উপস্থিতি সব শিক্ষকরাও যেন তাদের চাহনি বুঝতে পেরে আবেগময় হয়ে বড়ই দুষ্ঠু, বাউন্ডুলে, অনেক সময় কথার বিপরীতে চলা এসব মুখের দিকে তাকিয়ে চোখ থেকে দুয়েক ফোঁটা জল বিসর্জন করছিল আর আশীর্বাদ করে বলছিল, তোমরা অনেক বড় হবে।
একাডেমীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ব্যাংক কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ ইমাম সমিতির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী, কমিউনিটি পুলিশিং মহল্লা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান মিয়াজী ও অভিভাবক সদস্য জহিরুল ইসলামসহ আরো অনেকে।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষিকা শাহানারা আক্তার, নাজমুল ইসলাম নোমান, ফাহিমা আক্তার, তাহমিনা আক্তার, শাহানাজ পারভিন, রোকসানা ইসলাম রাখি, প্রাক্তন শিক্ষক নাহিদা আক্তার, নবারুণের শিক্ষক মনিরা, নাছরিনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির বিদায়ী শিক্ষার্থী ফাইয়াদ বিন ফারুক।
পরে বিদায় শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নৃত্যসহ বিভিন্ন গানের তালে তালে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মন মাতিয়ে প্রতিষ্ঠান থেকে কেক কেটে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ করে। বিদায় বেলা একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতেও দেখা গেছে।
ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম