
চাঁদপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুলী মায়া বীর বিক্রম নৌকা মার্কার মনোনয়ন পেয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকায় এসেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলায় প্রবেশ পথে গালিমখাঁ বাংলা বাজার বেড়িবাধেঁর ওপর আসলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী স্বাগত জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন। সেই সাথে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর নামও ঘোষণা করা হয়।
এর আগেও গত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি। পরে তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী এলাকায় আসার পথেই আজ নেতাকর্মীরা প্রভাবশালী এই নেতাকে ফুলে ফুলে শুভেচ্ছা জানান।
এছাড়া বিভিন্ন যানবাহনযোগে এবং খন্ড খন্ড মিছিলে নৌকার প্রার্থীকে স্বাগত জানান কর্মী সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। পরে তিনি বেলতলীয়, কালীপুর, ষাটনল, সটাকী, দশানী বেরীবাঁধ হয়ে নিজ বাড়ি মোহনপুর এলাকায় যান। সেখানে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



