মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে “শাহাবাজকান্দি মনির সরকার এর বাড়ী হতে সরকার বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ ও গাইডওয়াল নির্মাণ” প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই টাকা উদ্ধারে গত ৭ জুলাই প্রকল্পের সভাপতিকে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরৎ না দিলে পিডিআর আইনে ওই প্রকল্পের সভাপতি ফতেপুর পূর্ব ইউপি সদস্য জোহরা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ পাওয়ার লক্ষ্যে ইস্যুকৃত ওই চিঠিতে আরো বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১ম ও ২য়পর্যায় প্রকল্প নং-কাবিটা/১মও২য়/টাকা-৪১ “শাহাবাজকান্দি মনির সরকার এর বাড়ী হইতে সরকার বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ ও গাইডওয়াল নির্মাণ” প্রকল্পে ৯ লাখ ৩০ হাজার টাকার অনুমোদন দেয়া হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য উক্ত প্রকল্পের সভাপতি হিসেবে আপনি জোহরা বেগমকে গত ০৮/০৪/২০২৫খ্রি. তারিখে এবং ২৬/০৫/২০২৫খ্রি. তারিখে ১ম ও ২য় কিস্তিতে অগ্রিম হিসেবে মোট ৬ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় প্রকল্পের সভাপতি উক্ত প্রকল্পের কাজ অসমাপ্ত রেখেছেন। ওই প্রকল্পের ১৮০-০ দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিক্স প্লাসিংসহ ৯০-০ দৈর্ঘ্য পর্যন্ত মাটি ভরাট করেছেন। কিন্তু গত ২২/০৬/২০২৫খ্রি. তারিখ উক্ত প্রকল্পের মেয়াদ শেষ হয়। উক্ত মেয়াদের মধ্যে ছাড়কৃত অর্থের বিপরীতে ৫৬% কাজ সমাপ্ত করেছেন। কাজেই অসমাপ্ত কাজের অব্যয়িত ২ লাখ ৯০ হাজার টাকা আগামী ০৭ দিনের মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান পূর্বক জমাকৃত চালানের কপি অত্রাফিসে জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায় প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অর্থ আদায়ে পিডিআর এ্যক্ট এ মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে ওই প্রকল্পের সভাপতি ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য জোহরা বেগম বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। ইউপি চেয়ারম্যান আজমল হোসেন জানেন টাকা কি করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে প্রকল্পের সভাপতি করা হয়েছে সেটাই আমি জানি না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, কাজ না করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে টাকা ফেরত না দিলে মামলা দায়ের করা হবে।
ফম/এমএমএ/


