মতলব উত্তরে অভিযানে জব্দ ৭ নৌকা ৮১ হাজার টাকায় নিলামে বিক্রি

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ ধরার সময় জব্দকৃত ৭ টি মাছ ধরার নৌকা নিলাম বিক্রি করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

রবিবার (৪ মে) সকাল ১০ টায় উপজেলার মোহনপুরে এই নিলাম অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকা সংরক্ষণ অভিযান চলমান ছিল। নিষিদ্ধ সময়ে জটকা আহরণ করার সময় ৭ টি জেলে নৌকা জব্দ করা হয়েছিল। ওই নৌকাগুলো স্থানীয় জনসাধারণ ও জেলেদের উপস্থিতিতে নিলামে তোলা হয়। এসময় ৭ টি নৌকা ৭৩ হাজার ৭০০ টাকা, ভ্যাটসহ মোট ৮১ হাজার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রি করার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

নিলামে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য  কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন জেলে ও স্থানীয় জনসাধারণ ও জেলে সম্প্রদায়।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম