চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্নের অলংকার বানানোর একটি কারখানায় চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে , গত ২ মে মধ্যরাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি ৩ আনা স্বর্নসহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের পুত্র মেহেরাজ কে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি ৪ আনা স্বর্নসহ পাশবর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ীর মৃত ছাফর আলীর ছেলে মো. সালাউদ্দিনকে (২৮) গ্রেপ্তার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা মেহেরাজকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় ৩জন জড়িত থাকার কথা স্বীকার করে এবং দুই সহযোগী স্বর্ণ নিয়ে ঢাকায় চলে যায় বলে জানায়। পরে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী সালাউদ্দিনকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ন উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) খায়রুল কবির বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শাহরাস্তি থেকে মেহরাজ নামে একজন আসমিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ি ঢাকার মোহাম্মদপুর থেকে আরো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ফম/এমএমএ/


