মতলবে হত্যা মামলায় গ্রেফতার চেয়ারম্যান মিজানের রিমান্ড না মঞ্জুর

চাঁদপুর :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এর রিমান্ড না মঞ্জুর ও জেলেগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর আমলী আদালতের বিচারক তন্ময় কুমার দে এই আদেশ দেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাড. সাইফুদ্দিন বাবু রিমান্ড না মঞ্জুর ও জেলগেটে জিজ্ঞাসাবাদের এই তথ্য জানান।

এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন প্রধান আসামী চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত মামলাটির তদন্ত ডিভিশনাল বদলী করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আজকেই মামলাটি তদন্তের জন্য আদালত দায়িত্ব দিয়েছে। আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন ডিবি পুলিশেল উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আকতার হোসেন।

গত ১৭ জুন বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাহাদুরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশে যাওয়ার পথে স্থানীয় দুই গ্রুপের গোলাগুলিতে নিহত হন মোবারক হোসেন। আহত হন আরো কমপক্ষে ৫জন।

গোলাগুলির ঘটনায় এই পর্যন্ত মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ৭ জন গ্রেফতার হয়। তাদেরকে মতলব উত্তর থানা পুলিশ আদালতে প্রেরণ করে। এই ঘটনায় ১৮ জুন নিহত বাবুর ছোট ভাই আমির হোসেন কালু ৩১ জনের নাম উল্লেখ এবং ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম