চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় মুন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই বাজারে এমআরপি বিহীন পণ্য পাওয়ায় সিঙ্গাপুর কসমেটিকসকে ২ হাজার টাকা এবং মুন কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জরিমানার পাশাপাশি ওই বাজারে আরো বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদেরকে ভোক্তার অধিকার সম্পর্কে পরামর্শ ও সতর্ক করে দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



