বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ

হাজীগঞ্জ (চাঁদপুর): ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

তিন দিনব্যাপী (১৪-১৬ জুন) অনুষ্ঠিত প্রতিযোগীতায় কলেজের শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ গ্রুপে সাইবার ক্রাইম ডিটেক্ট এবং রাশ প্রজেক্ট উপস্থাপন করে।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পরিদর্শন করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। তিন দিনব্যাপী চলা এই মেলায় তিনি স্কুল, কলেজ ও বিশেষ ক্যাটাগরির তরুণ বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।

এসময় তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে কলেজের শিক্ষার্থীরা আড়াই মিনিটের মধ্যে তাদের সাইবার ক্রাইম ডিটেক্ট এবং রাশ প্রজেক্ট উপস্থাপন করেন।

প্রসঙ্গত, ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের অংশমগ্রহণ করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। যা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, অধ্যবসায় এবং শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনার ফল।

বিষয়টি নিশ্চিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন বলেন, আমাদের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। আশাকরি, জাতীয় পর্যায়েও তার সাফল্যের ধারা অব্যাহত রেখে নতুন ইতিহাস রচনা করবে। আমি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম