বিগত কোন সরকারের আমলে হিন্দুরা শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করতে পারে নি

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউপি সদস্য গোলাম নবী খোকন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, তালতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খোরশেদ আলম, ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার বাঢ়ৈ প্রমুখ। অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য উপজেলার ৩৪টি মন্ডপে ৫শ’ কেজি চাল দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আমরা সেই জাতি যারা কি না স্বাধীনতা পেয়েও জাতির জনক বঙ্গবন্ধুকে ধরে রাখতে পারিনি। তিনি আমাদের স্বাধীন অসাম্প্রদায়িক দেশ দিয়েছেন। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৭৫ সালে স্বাধীনতা বিরোধী চক্র ও রাজাকারেরা স্বপরিবারে হত্যা করে।

তিনি আরো বলেন, ধর্ম যার উৎসব সবার। দুর্গা পুজা হিন্দু সম্প্রদায়ের একটি বড় অনুষ্ঠান। সবাই শান্তি শৃঙ্খল ভাবে উৎসবটি পালন করবেন। যাতে করে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিতে আছি, তা ফুটে উঠে। বিগত কোন সরকারের আমলে হিন্দুরা শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করতে পারে নি। এই অসাম্প্রদায়িক স্বাধীনতা একমাত্র আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছেন। তাই আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম