চাঁদপুর : চাঁদপুরে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বই বিতরণ পূর্বে শিক্ষার্থীদের উদ্দ্যেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা যখন তোমাদের মত ছোট ছিলাম তখন নতুন বই পেতাম না। আগে ব্যাগে বই নিয়ে যেতে পারতাম না। এখন তোমরা ব্যাগে করে বই নিয়ে যেতে পারো এবং বছরের শুরুতে বই পেয়ে যাচ্ছো। আজ সমগ্র বাংলাদেশে প্রায় ৫ কোটি বই বিনামূল্যে দেয়া হবে। আজকে আমাদের অনেক আনন্দ। তোমরা নিয়মিত স্কুলে আসবে এবং মনোযোগ দিয়ে বই পড়বে। আমরা চাই তোমরা অনেক বড় হও। বড় হতে হলে বই পড়তে হবে।
ডিসি অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, আপনার সন্তান কি পড়ছে এবং কি করছে তার মূল্যায়ন করবেন। তাদের খোঁজখবর নিবেন। আপনারা আপনাদের সন্তানদের সেই পড়াশোনাটাই করান যেটাতে সে উপযুক্ত। টাকা থাকলেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাবেন না। টাকা থাকলেই যেখানে মেধা ছাড়া শুধু সার্টিফিকেট পাওয়া যায় সেখানে ভর্তি করাবেন না। সবাই মিলে আমাদের সন্তানদের স্মার্ট করে গড়ে তুলবো, তবেই স্মার্ট বাংলাদেশ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণসহ সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



