ফরিদগঞ্জে টাকা না পেয়ে ইচ্ছেমতো আদালতে প্রতিবেদন দাখিল!

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা তাসলিমুন নেছা, সার্ভেয়ার মো. আবু বকর সিদ্দিক ও সহকারি জয়নাল’র বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করে সাংবাদ সম্মেলন করেছে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের একটি অসহায় পরিবার।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে মো. ফয়েজ আহমেদ মৃধা।

লিখিত বক্তব্যে ফয়েজ আহমেদ বলেন, বিজ্ঞ আদালতে সম্পত্তিগত বিরোধের মামলা তদন্তের জন্য ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমিকে সরেজমিন তদন্ত করে নালিশী সম্পত্তি প্রকৃত দখল ও প্রয়োজনীয় প্রতিবেদন বিচার কার্য’র স্বার্থে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন আদালত। আমাদের প্রতিপক্ষ ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা, ঢাকা মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার ও মোজাম্মেল হোসেন বাবুল, আবুল কাসেম, দেলোয়ার হোসেন ও লোকমান আমিন গংরা প্রভাবশালী হওয়ায় ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি তাসলিমুন নেছা, ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু বকর সিদ্দিক ও সহকারি জয়নাল মিলে আমাদের প্রতিপক্ষগণের দখলে নালিশী সম্পত্তি রয়েছে মর্মে একটি মনগড়া প্রতিবেদন তৈরী করে গত ০৪-০৯-২২ ইং তারিখে আদালতে পাঠান। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে নালিশী ওই সম্পত্তি কোনদিন আমাদের প্রতিপক্ষরা দখলে ছিলেন না বর্তমানেও নেই। বিন্তু বেশ কয়েকবার ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তারা পক্ষে সেইনম্যান জয়নাল আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাদাবী করেছে, যা আমরা দিতে অপারগতা শিকার করেছি। তাদের চাহিদামত টাকা না দিলে নিজেদের ইচ্ছেমতন আদালতে প্রতিবেদন দাখিল করিবে হুমকি দিয়েছে। টাকা না দেওয়া তারা তাই করেছে, আমাদের দখলীয় সম্পত্তি সঠিক তদন্ত ও মাপ জরিপ না করে আমাদের প্রতিপক্ষ মোশারফ হোসেন বাহার ও মোজাম্মেল হোসেনগংদের যোগসাজেসে মিথ্যা প্রতিবেদন বানিয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়। আমরা ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের দায়ত্বশীল কর্তৃপক্ষের এই খামখেয়ালীপনা বিচার প্রার্থনা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করছি। আমরা ও জনগণ বিশ্বাস করি যে, সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করলে ভূক্তভোগী জনগণ বহু হয়রানি থেকে রক্ষা পায়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটনের পরিচালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, সংবাদ সম্মেলনে আনীত অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা বলেন, আমি কোন ব্যক্তির কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। আমার অফিসের কোন অফিসার নিয়ে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

ফম/বারাকাত/এমএমএ/