চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে একজন শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন মতলবগঞ্চ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয় এবং এতে অফিস সহকারী মো. সুমন আপত্তিকর কমেন্ট করায় তাদেরকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
তার নিজস্ব ফেসবুকে আইডিতে লিখেছেন ও তার শেয়ার করা ছবিতে লেখা হয়েছে (হুবহু)- ‘আবারও জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা দেখানো শুরু হয়েছে’, বিদ্যুৎ না খাম্বা, খাম্বা খাম্বা,, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্যাপ্টেন কার্ডসহ এই কার্ডগুলো এখন সত্যি দেশের মধ্যে বিরাজমান গভীর সমস্যা দূর করতে পারবে? না কি সমস্যাকে আরো ঘনীভূত করবে।
যুদ্ধের কারণে জ্বালানি সংকট, দেশের তরুণদের বেকার সমস্যা মুদ্রাস্ফীতি, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন, ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন’, হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি:মির্জা ফখরুল’, ১৭ বছর দেশের যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা নিরসন করার চেষ্টা না করে তা আরও গভীর করা হচ্ছে। সময়ের এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড়’, আরও লিখেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, মেরুদণ্ডহীন’। এরকম আরও আপত্তিকর পোস্ট রয়েছে।
বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করা ফেসবুকের পোস্টগুলো আমাকে দেখানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম মৌখিক নির্দেশে তাদের সাময়িক অব্যাহতি দিয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ছাত্র নেতা ফয়সাল খন্দকার বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হউক।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করলে তাতক্ষণিক ব্যবস্থা নেন।
অভিযুক্ত সহকারী শিক্ষক জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে আর অফিস সহায়ক ওই ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, আপত্তিকর পোস্টের বিষয়টি আমি জেনেছি। ওই সহকারী শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি এবং বিতর্কিত কর্মকাণ্ড করায় অফিস সহকারী সুমনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুজনের কর্মকাণ্ডের সঠিক তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা ও প্রাথমিক শিক্ষা অফিসার এই তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফম/এমএমএ/


