
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই ইট বসিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ইট বসানোর সময় পর্যাপ্ত সিমেন্ট-বালির মিশ্রণ ব্যবহার করা হচ্ছে না। বরং পানির ওপরে ইট বসিয়েই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে নির্মিত সড়ক কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়বে। ফলে যেমন জনভোগান্তি বাড়বে, তেমনি সরকারি কোটি কোটি টাকা ভেস্তে যাবে। সচেতন মহল বলছেন, দ্রুত তদন্ত ও কঠোর তদারকির মাধ্যমে অনিয়ম বন্ধ করা জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় আবু মূসা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে রাস্তা নির্মাণের জন্য। কিন্তু অসাধু ঠিকাদাররা নিম্নমানের কাজ করে সেই টাকা লুটছে। এর খেসারত শেষ পর্যন্ত এলাকার মানুষকেই দিতে হবে।
ইব্রাহিম নামের আরেকজন জানান, সড়কটি ফরিদগঞ্জ-মিরপুর অঞ্চলের হাজারো মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। তাই টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের বলেন, চলমান কাজের স্থানে আমাদের লোক রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। তবে লোক থাকার পরও এমন অনিয়ম কীভাবে হচ্ছে, সে প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
ফম/এমএমএ/


