‘নদীতে জাটকা বড় হওয়ার জন্য সুযোগ করে দিতে হবে: ডিসি কামরুল হাসান’

চাঁদপুরে জাটকা রক্ষা সপ্তাহ উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে উঠে আসে। নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে এবং বড় হওয়ার সুযোগ দিতে হবে। সুযোগ না দিয়ে যদি আপনারা (জেলেরা) ধরে পেলেন, তাহলে ইলিশ হিসেবে রূপান্তর হবে কিভাবে। আপনারা যে জাটকা ধরে বিক্রি করেন তার দাম পান প্রতি কেজি ২০০টাকা। আর এটি বড় হলে প্রতি কেজি চাঁদপুরের ইলিশ বিক্রি হয় ১৮শ’ থেকে ২০০০টাকা। আমরা যারা সরকারের বিভিন্ন দায়িত্বে আছি তারাতো নদী থেকে মাছ ধরব না। আপনারাই ধরবেন। তাহলে কেন আমাদেরকে সরকারের লক্ষ লক্ষ টাকার তেল পুড়িয়ে, লাঠি, বন্দুক নিয়ে তাড়া করতে হবে। ইলিশ জাতীয় সম্পদ, আপনাদের সম্পদ, আপনারাই রক্ষা করবেন।

শনিবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীল কমল ইউনিয়নের ইশানবালায় আনুষ্ঠানিকভাবে জাটকা রক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে আমরা অনুষ্ঠান স্থলে আসার সময় নদীতে পথে দেখলাম অনেক জেলে জেলে নৌকা নিয়ে দ্রুত বিভিন্ন খালের মধ্যে প্রবেশ করছে। এগুলো কেন হবে। গত ১ মাসে জেলা টাস্কফোর্স ১৮০জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে এবং আটক হয়েছে প্রায় ২৫০জন জেলে।

সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মুসা, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লে. ফজলুল হক, বাংলাদেশ নৌবাহিনীর সাব লে. এম মেহেরুল্লা।

উপস্থিত ছিলেন জেলার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ, অফিসার ইনচার্জ হাইমচর থানা, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ, চাঁদপুর জেলার মৎস্যজীবি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ইউপি, সদসগণ,গণ্যমান্যব্যক্তিবর্গ, মিডিয়া ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সর্বোপরি পাঁচ শতাধিক মৎস্যজীবীগণ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্ব মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ রেলির অনুষ্ঠিত হয়। ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন”
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম