দীর্ঘ ৯মাস পর প্রাণচাঞ্চল্য ফিরে পেল জেলা শিল্পকলা একাডেমি

চাঁদপুর : ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্ন দপ্তরের অগ্নিকান্ড এবং ভাংচুরের ঘটনা ঘটে। তেমনই চাঁদপুরেও জেলা শিল্পকলা একাডেমিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থবির হয়ে পরে শিল্প-সাহিত্যের শহর চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন। চাঁদপুর জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ৯মাস পর প্রাণচাঞ্চল্য ফিরে পায় জেলা শিল্পকলা একাডেমি। মুখরিত হয়ে উঠে জেলা শিল্পকলার অডিটোরিয়াম।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ মাসপর জেলা শিল্পকলা একাডেমির প্রাণচাঞ্চল্য ফিরে পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবসহ অন্যান্যরা।

দীর্ঘ ৯ মাস পর শিল্পকলা একাডেমি পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে এ প্রসঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, চাঁদপুর শহর শিল্প সংস্কৃতির শহর। জুলাই গণঅভ্যুত্থানে জেলা শিল্পকলা একাডেমিতে স্থবির হয়ে পরে। এই শিল্পকলা একাডেমি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের সাংস্কৃতিক পরিবেশনা ঠিকমত করতে পারছিলো না। আমি আসার পর থেকে শিল্পকলা একাডেমির সংস্কার নিয়ে কাজ করেছি। যেন জেলার সাংস্কৃতিক কর্মীরা একটা একাডেমির জন্যে সাংস্কৃতিক পরিবেশনায় পিছিয়ে বা ঝিমিয়ে না পরে। জেলার সকল সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আমরা আবার এই শিল্পকলা একাডেমি চালু করতে পেরেছি। আশাকরি এখন থেকে এখানে প্রায় অনুষ্ঠানই পরিবেশিত হবে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে জেলা সকল সাংস্কৃতিক অঙ্গন।

এদিকে দীর্ঘ ৯মাস পর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরে এবং এ অনুষ্ঠান উপভোগ করতে পেরে সাংস্কৃতিক কলাকৌশলীরা খুব খুশি।

রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া বলেন, এককথায় এটা আমার কাছে অসাধারণ অনুভূতি। কারণ দীর্ঘ অনেক মাস পরে আমরা আমাদের অঙ্গণে ফিরে আসতে পেরেছি। এখনো এটা জরাজীর্ণ রয়েছে সংস্কারেরও বাকী রয়েছে, তবুও জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাসংস্কৃতিক অঙ্গনের ঐকান্তিক প্রচেষ্টায় মোটামুটিভাবে আমরা চালু করতে পেরেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে পুনরায় চালু করা। এরপরে এটার কি কি সংস্কার লাগে সেটা আমরা চালু অবস্থায় করবো।

চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ বলেন, খুব ভালো লাগছে। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশাকরি এ প্রোগ্রামের মধ্য দিয়ে চাঁদপুরে শিল্প সাংস্কৃতিকের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই মঞ্চে আবার নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আসুক। এক্ষেত্রে প্রশাসনোর সহযোগিতা কামনা করছি।

স্বরলিপি নাট্য নংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবু জানান, আজকে আমরা আনন্দিত, সাংস্কৃতিক অঙ্গন জাগ্রত থাকুক। এ প্রত্যাশা আমাদের সবসময়। জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এ মহতি উদ্যোগের জন্যে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম