জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে বিদ্যুৎগতিতে দেশের আমূল পরিবর্তন আনবে

চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামি যদি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসে তবে বিদ্যুৎগতিতে দেশের আমূল পরিবর্তন আনবে বলে মনে করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর-হাইমচর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাজাহান নিয়ার পক্ষে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, আমরা পরীক্ষিত একটি রাজনৈতিক দল। দেশের স্বার্থে, মানুষের সঠিক অধিকার ও ন্যায়বিচারের জন্য কথা বলতে গিয়ে বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় আমাদের নেতারা জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও কারাবরণ করেছেন। কিন্তু আমরা থেমে থাকিনি, বরং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে গেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামকে হুমকি-ধমকি ও ভয় দেখিয়ে দমানো যাবে না। আমাদের কোনো নেতার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি কিংবা বিদেশে অর্থ পাচারের অভিযোগ নেই। রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা অর্থনৈতিকভাবে দেশকে ঘুরে দাঁড় করাব। শিক্ষা, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাবান রাষ্ট্রে পরিণত করতে চাই।

পথসভায় বক্তারা জনগণের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে পরিবর্তনের রাজনীতিতে জামায়াতের ভূমিকা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, পৌর ৭ নম্বর ওয়ার্ড আমির নূর মোহাম্মদ খোকা, সেক্রেটারি মহম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতারা।

ফম/এমএমএ/