‘জাটকা রক্ষায় নদী সংযুক্ত খালের মুখ বন্ধ থাকবে’

চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা

সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, জাটকা রক্ষায় জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। কোন জেলে যাতে নৌকা নিয়ে নদীতে নামতে না পারে সে জন্য অভয়াশ্রম সংলগ্ন নদী সংযুক্ত খালের মুখ বন্ধ করে দিতে হবে। চরাঞ্চলের সেসব স্থানে জাটকা বিক্রির অস্থায়ী আড়ৎ বসে সেখানে নৌপুলিশের অস্থায়ী ক্যাম্প বসবে। নৌবাহিনীর জাহাজ থাকবে, তাদেরকেও সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মার্চ এবং এপ্রিল এই দুই মাস জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয় করা যাবে না। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় টাস্কফোর্সের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

ডিসি বলেন, পদ্মা মেঘনায় যে সকল স্পীডবোট চলে তার অনেকগুলোই অবৈধ জাটকা মাছ পরিবহনের সাথে সম্পৃক্ত। প্রয়োজনে স্পীডবোটগুলো রিকুইজিশন করে কিংবা আটক করে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। জাটকার সবচাইতে বড় প্রাকৃতিক মজুদ হাইমচর অংশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এ জন্য বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হরিণা ফেরিঘাটের পশ্চিম প্রান্তে সার্বক্ষনিক অবস্থান করার ব্যপারে নৌবাহিনীর সহযোগিতা প্রয়োজন হবে।

জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা প্রসঙ্গে চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব জেলে হালনাগাদ তালিকাভুক্ত হয়েছে তাদেরকে বলবেন এ বছরই তারা চাল পাবে সেটার নিশ্চয়তা নেই। তাদের বরাদ্দ আসতে দেরি হতে পারে।

ডিসি বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশের পোনা জাটকা রক্ষায় সাধারণ জনগণও ভূমিকা রাখতে পারে। জনসাধারণ জাটকা না কিনলে জাটকা নিধনকারীরা জাটকা ধরতে যাবেনা। জাটকা বিক্রয় করতে না পারলে অসাধু জেলেরা জাটকা ধরতে নিরুৎসাহিত হবে। জাটকা রক্ষা অভিযান চলাকালে আটক জেলেদের মৎস্য আইনে কারাদণ্ড ও নৌকা নিলামে বিক্রয় করা হবে।

সভায় বক্তব্যদেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূবর্তিা চাকমা, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক ও সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমান বেপারী।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। কোস্টগার্ড, নৌ পুলিশ, নদী উপকূলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম