‘ছোট থেকেই শিক্ষার্থীদের চিন্তা মননে দেশ গড়ার প্রত্যয় থাকতে হবে’

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: কুচকাওয়াজ প্রদর্শন, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছোট বয়স থেকেই আমাদের চিন্তা মননে দেশ গড়ার প্রত্যয় থাকতে হবে। তবেই প্রত্যেকে একজন দেশ প্রেমিক হয়ে উঠবে। যে শপথ করেছো তা তোমাদের অন্তরে ধারণ করতে হবে, তাহলেই তোমরা সফলকাম হবে।

তিনি আরও বলেন, আমাদের সারাবছর ক্রীড়া চর্চার মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের শরীর ও মন সতেজ থাববে। শুধু বার্ষিক ক্রীড়া আসলেই কয়েকদিন আমরা খেলাধূলা করবো তা কিন্তু নয়। তোমরা সুস্থ ও সুন্দর হয়ে গড়ে উঠলে দেশ গঠনে জাতি পাবে সুনাগরিক।

ডিসে বলেন, আমি দেখেছি শহরের অনেক বিদ্যালয়ের খেলার মাঠ সমস্যা রয়েছে। এ বিদ্যালয়ের মাঠটি বিভিন্ন সময়ে খেলার উপযোগী থাকে না। বিষয়টি আমার মাথায় রয়েছে। অচিরেই মাঠটিতে দেয়ালের কাজ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাাপ্ত) মো. মমিনুল হক সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল সালাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, কুমিল্লা অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক মো. মুকবুল হোসেন, মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থাপনায় ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক আবদুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, মো. আতিক উল্যা, মো. মহসিন মিয়া ও মো শরীফুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসরিফ মুনতাসির ও গীতা পাঠ করেন অভিজিত পাল।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম