ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামী জসিম উদ্দিন (৫০)। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুরে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে তাকে শহরের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও সঙ্গীয় ফোর্স।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

জসিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত সরাফত আলী মালের ছেলে। তিনি ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ৩বারের সভাপতি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানাগেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় জসিম তার দলীয় লোকজন নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। যার ভিডিও ফুটেজ ও ছবি বিভিন্ন লোকজনের নিকট সংরক্ষিত। আইন শৃঙ্খলা বাহিনীও তার ওইসব তথ্য পেয়েছে। তার আপন বড় ভাই সফিক মাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

জসিমকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছাড়িয়ে আনার জন্য তদ্বির করেন তার আরেক ভাই ইউপি সদস্য বিল্লাল হোসেন মাল এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জসিম উদ্দিনকে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।

ফম/এমএমএ/