চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামী ফয়সাল (৩৪) নামে বিদ্যালয়ের খন্ডকালিন বহিস্কৃত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) উপজেলার রায়েরকান্দি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ফয়সালকে (৩৪) আটক করা হয়েছে। সে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার হাজী ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন ফয়সাল সরকার। সেই সুবাদে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষারর্থী ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে আসতো। গত ৮ মার্চ প্রাইভেট পড়তে গেলে পানির সাথে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করে। বিষরটি জানাজানি হলে খন্ডকালীন শিক্ষক ফয়সালকে বিদ্যালয় থেকে ওই সময় চাকরিচ্যুত করা হয়।
খোঁজ নিয়ে জানাগেছে, স্থানীয়ভাবে ঘটনাটি মিমাংসা করার কথা বলে কালক্ষেপণ করে ফয়সাল। ফয়সালকে মিমাংসার কথা বললে উল্টা স্কুল ছাত্রীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে। যার ফলে সোমবার (৩ জুন) ওই ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক ফয়সালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করে। মামলার সূত্রে ধরে মতলব উত্তর থানার (উপ-পরিদর্শক) এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের নিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, মামলা হওয়ার সাথে সাথে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিকেলে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/



