চাঁদপুর : দেশীয় প্রজাতির মাছের রেনু পোনা রক্ষায় চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজাল, ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ৩২টি চায়না দোয়াইর চাঁই জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রোববার (২ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, শনিবার (১ জুন) হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধ জাল নির্মূলে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে সকাল ৭টা হতে বেলা ১১টা পর্যন্ত ১০টি চায়না দোয়াইর চাঁই ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। দিনের দ্বিতীয় ধাপে বিকাল ৪টা হতে রাত ৯ টা পর্যন্ত অভিযানে চরভৈরবী এলাকা হতে ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ২২ টি চায়না দোয়াইর চাঁই জব্দ করা হয়।
জব্দকৃত জাল ও চাঁই হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা এর অনুমতিক্রমে কোস্টগার্ড আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/



