চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যুবকের মৃত্যু

চাঁদপুর : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাম ঘোষ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাত ৯ টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে তার মৃত্যু হয়।

হাসপাতালের ভর্তির রেজিস্ট্রার থেকে জানা গেছে, ওই যুবক চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের নারায়ণ ঘোষের ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগে কথা বলে জানাগেছে, ওই যুবক অনেকটা মানসিক রোগী ছিলেন। জানুয়ারি মাসের ৩১ তারিখ থেকে কোন পথচারি তাকে হাসপাতালে এনে ভর্তি করেন। তবে ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত তার পরিবারের কাউকেই আসতে দেখা যায়নি। তার মৃত্যু হওয়ার পর থেকেও তার কোন আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কাউকেই হাসপাতালে এসে তার খোঁজ নেয়নি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি কেয়ারের চিকিৎসক মো. সাকিব জানান, রাম ঘোষ ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। তার মানসিক সমস্যা ছিলো। এতদিন সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। আজ রাত ৯টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুবক রাম ঘোষের মৃত্যুর বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম