
চাঁদপুর: কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈতপ্রবাহ গত কয়েকদিন ধরে দারিদ্র্যপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলছে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে পৌর ৭নং ওয়ার্ডে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জামতলা বাইতুর রহমান রেলওয়ে জামে মসজিদ মাঠে ২ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছে তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত। শীত নিবারণে গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুঃস্থ ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদেরও তীব্র এই শীতের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। কারণ বিপদে মানুষের পাশে দাঁড়ালে, মহান আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়।
পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইকবাল গাজী, মোখলেছ পাটওয়ারী, রাসেল জমাদার, শিহাব গাজী, শাকিল আহমেদ শিপন, হযরত আলী মোল্লা’সহ আরো অনেকে।
ফম/এমএমএ/



