চাঁদপুর পৌরসভার ৫ কর্মকর্তা-কর্মচারীর একযোগে বদলি

চাঁদপুর : চাঁদপুর পৌরসভায় একযোগে ৫ কর্মকর্তা-কর্মচরীর বদলির আদেশ হয়েছে। এর আগে বদলিকৃত স্থানে যোগদান করেছেন দীর্ঘ দুই যুগ ধরে এ পৌরসভায় থাকা দোর্দন্ড প্রতাপশালী প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার।

শনিবার (৩১ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া।

গত ১৯ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মফিজউদ্দিন হাওলাদার কে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ দেন। ওই আদেশের পর মফিজউদ্দিন হাওলাদার নতুন বদলিকৃত কর্মস্থল কক্সবাজারের মহেশখালী পৌরসভায় যোগদান করেছেন।

এর আগে তিনি চাঁদপুর পৌরসভায় দীর্ঘ দুই যুগ  ধরে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে  দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা কার্যালয় তাকে পত্র প্রেরণ করে। তিনি স্বশরীরে হাজির হয়ে স্থানীয় দুদক কার্যালয়ে তার যাবতীয় তথ্যাদি দাখিল করেন বলে স্থানীয় দুদক কার্যালয় থেকে জানানো হয়।

অপরদিকে চাঁদপুর পৌরসভার উচ্চমান সহকারী মো. রিয়াজ উদ্দিনকে মতলব নারায়ণপুর পৌরসভায়, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কামাল হোসেন, সহকারী বাজার আদায়কারী এমদাদ হোসেন মিলনকে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায়, অফিস সহায়ক মো.শাহজাহান প্রধানিয়া ও মালী মুক্তার আহমেদকে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভায় বদলী করা হয়।

গত ২৮ মে চাঁদপুর জেলা স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেন। ওই পত্রে আগামী ৪ জুনের মধ্যে তাদেরকে বদলীকৃত স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুর স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম জাকারিয়া বলেন, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারকে বিভাগীয় কার্যালয় থেকে বদলি করা হয়েছে। আর বাকী ৫ জনের মধ্যে ৪জনকে মতলব দক্ষিণ নারায়নপুর পৌরসভা বদলি করা হয়ছে। কারণ ওই পৌরসভা একেবারে নতুন, কোন লোকবল নেই। নূন্যতম নাগরিক সেবা চালু করার জন্য তাদেরকে ওই পৌরসভায় বদলি করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম