চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫ টা থেকে এই সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, নিম্নচাপের কারণে সকালে প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রাবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ করা হয়। পরে আবহাওয়ার অবনতি হলে বিকাল ৫ টা থেকে বড় লঞ্চগুলো চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব রুটের নৌযান চলাচল বন্ধ থাকবে।

অপরদিকে চাঁদপুর-শরীয়তপুর এর মধ্যে ফেরি চলাচল এখন পর্যন্ত অব্যাহত আছে। রাতে অবস্থার অবনতি হলে বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, উপকূলীয় অদুরবর্তী দ্বীপ ও চর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে। আজ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত।

এদিকে লঘুচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যে কারণে জেলা জুড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম