চাঁদপুর: চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।
সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাশ। চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ মো. কাউছার পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার শেখ, সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দীন গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী, সদর উপজেলা শাখার সভাপতি গোলাম হোসেন টিটু।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কেও সমান গুরুত্ব দিতে হবে। এতে করে শিশু-কিশোরদের শারীরিক এবং মানসিক দৃঢ়তা বাড়ে। আমাদের প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠলে, পরিবার এবং দেশের জন্য মঙ্গল।



