চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
বুধবার (২০ মার্চ) রাতে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন-শরীয়তপুর জেলার সখিপুর থানার মো. হুমায়ুন কবির (১৯), মো. নাজমুল (১৯), মো. ফরহাদ হোসেন (২২), মো. মাইছুল ইসলাম (১৯), মো. হাবিব মোল্লা (২০) ও মো. আল-আমিন (১৪)।
ওসি কামরুজ্জামান বলেন, ১৯ মার্চ বিকেলে সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে অভয়াশ্রমে মাছ ধরায় ৬ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ১৩ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা। জব্দকৃত জাল ও নৌকা নৌ থানা হেফাজতে আছে। নিয়মিত মামলার আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/



