চাঁদপুরে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা জসিম গ্রেফতার

চাঁদপুর : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার সুন্দরবন নামক আবাসিক হোটেল অভিযান চালিয়ে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম (২৮) নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে মাদক বিক্রেতা জসিমকে হস্তান্তর করে (র‌্যাব-১১) কুমিল্লা। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার পর আসামীকে চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদ এর ছেলে। টেকনাফ থেকে চাঁদপুরে হয়ে ঢাকায় পাচার করার জন্য হোটেলে অবস্থান করছিল বলে জানায় জসিম।

র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে চাঁদপুর শহরের বড় ষ্টেশন এলাকায় সুন্দরবন নামে আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেলের ৭ নম্বর কক্ষ থেকে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে পরিবহনের জন্য রাখা ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক বিক্রেতা জসিমকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ইয়াবাসহ আসামী জসিমকে দুপুরে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম