চাঁদপুরে সব ধর্মের মানুষ সোহার্দ-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে

চাঁদপুর :  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা মন্দিরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন।

তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমাদের প্রিয় চাঁদপুরেও সম্প্রীতির সুবর্ণ ইতিহাস রয়েছে। ‌এখানে সব ধর্মের মানুষ সোহার্দ, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে। আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ এবং জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব উন্নয়নের পাশাপাশি শান্তি এবং সৌহার্দের চাঁদপুর গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। জন্মাষ্টমীর এই শুভক্ষণে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ আয়োজনে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি মানুষের কল্যাণে কাজ করার যে সুযোগ পাওয়া যায়, তা আন্তরিকতার সঙ্গে কাজে লাগাতে হবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই।

আলহাজ্ব মোশারফ হোসাইন আরও বলেন, চাঁদপুরের মাটিতে কোনো ধর্মীয় বিভাজন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। আমি তেমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যেখানে আমরা একটি পরিবারের মত বসবাস করব।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,  চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার,  সদর উপজেলা পূজা উদযাপন সদস্য সচিব মানিক লাল ঘোষ, পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মকর্তা ডাক্তার সহদেবসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের কর্মকর্তা রাজিব সাহার পরিচালনায় অতিথিদের বক্তব্য শেষে অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। নতুন বস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম