চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫

চাঁদপুর: চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক কারবারি ও চোরসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে মাদকসহ অন্যান্য দ্রব্যসামগ্রী।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বুধনার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা আর্মি ক্যাম্প ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় পৌর এলাকার টোরাগড় নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক কারবারি রিয়াজকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

একই উপজেলার আরেক অভিযানে টোরাগড় নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয় শরীফ (৩২) ও জিলানী (২৫) নামে মাদক কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা, ১১পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৩ হাজার ৮১০টাকা।

এদিকে আজ ভোরে মতলব দক্ষিণ উপজেলায় সদর আর্মি ক্যাম্প ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নায়েগাঁও নামক স্থান থেকে মাদক কারবারি আব্দুল খালেক (৪২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮৫০পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৬হাজার ৪৬০টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মধ্যনগর এলাকা থেকে চোর সিন্ডিকেটের সদস্য ইব্রাহীম (৩৪) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫টি চাবি, একটি স্টীল কাটার ও ১০ কেজি প্লেন শিট উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য গ্রেপ্তারকৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী হাজীগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম