চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

চাঁদপুর  :চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন।
জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আবেগাপ্লুত হয়ে অনেক নেতাকর্মীকে অঝোরে কাঁদতে দেখা যায়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সঞ্চালনায় জানাজা পূর্ব বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়াসহ রাজনৈতিক নেতারা।
জানাজা শেষে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হওয়া উচিত।
নামাজে জানাজায় অংশগ্রহন করতে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম