চাঁদপুর :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অনেক দিন পর আমরা মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আমাদের এলাকার চারপাশের পুকুর ও জলাশয় পরিষ্কার করা হবে। আপনারা সেখানে মাছ চাষ করবেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে। সদর ও হাইমচরে ৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার গাছ রোপণ করা হবে।
তিনি বলেন, একটি দল সরকারের নামে অপপ্রচার চালাচ্ছে। কিছু মানুষ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিথ্যা কথা বলছেন। সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। তবে কোনো ব্যক্তি বা নেতাকর্মীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো সমস্যা বা অপরাধের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ দুটি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, এর আগে কোনো সরকার এ উদ্যোগ নেয়নি।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, এই চাঁদপুরে মাদক থাকবে না। আমরা তা দেখিয়ে দেব। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনের সহযোগিতা নেবেন। মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি থাকতে পারে না।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন।
জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/




