চাঁদপুর: চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ জন কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁদপুর শহরের আলিমপাড়া এলাকার মোঃ ইসমাইল (১৭), তামিম খান (১৬), সালাইমান আজমিন (১৫), তানিব (১৭) ও রেদোয়ান রহমান (১৭)।
থানা পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া এর নেতৃত্বে এসআই(উপ-পরিদর্শক) আবুল কালাম গাজীসহ একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতে শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দেশীয় অস্ত্রসহ ৫ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। যার যার অবস্থান থেকে কিশোর গ্যাং নির্মূলে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।
ফম/এমএমএ/


