চাঁদপুর: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁদপুরে দরিদ্র প্রতিবেশীদের বাড়ী বাড়ী ইফতার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে স্থানীয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্মৃতিময় যুব সংঘ’।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে শতাধিক পরিবারের মাঝে রমযানের উপহার হিসেবে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সংগঠনের সদস্যরা। দোয়া পরিচালনা করেন স্মৃতিময় যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মাওলানা মুফতি মো. ইউছুফ।
দোয়া শেষে সংগঠনের সদস্যরা প্রতিটি দরিদ্র প্রতিবেশীর বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার উপহার পৌঁছে দেন। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল-খেজুর, মুড়ি, ডাল, ছোলা, বেসন, ভোজ্য তেল, চিনি, পেয়াজ, আলু, ডাল ও লবন। রমজানের আগে এসব ইফতার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত হন দরিদ্র পরিবারগুলো।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের জন্য কিছু করার মত আনন্দ বা সুখ পৃথিবীতে আর কিছুতে নেই। আমরা মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করি। আমাদের আশেপাশে অনেক নিম্নবিত্ত প্রতিবেশী আছেন, যারা অনেক কষ্টে জীবন-যাপন করলেও কারো কাছে হাত পাততে পারেন না। আমরা গরীব-অসহায়দের পাশাপাশি সেইসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর পাশাপাশি যে কোন সামাজিক ও মানবিক কাজ করার চেষ্টা করি।
ফম/এমএমএ/


