চাঁদপুর : চাঁদপুর শহরের পালপাড়া এলাকার একটি বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণসহ মো. শান্ত মুন্সি (২১) নামের চোরকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তার হেফাজত থেকে ১৫ আনা ওজনের ৪ অলংকার উদ্ধার করা হয়। তবে চুরি যাওয়া নগদ ৮৪ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়নি বরে জানায় পুলিশ।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে শহরের মিশন রোড শাহী জামে মসজিদের সামনে থেকে নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম চোর শান্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। শান্ত মুন্সি শহরের রহমতপুর আবাসিক এলাকার মহসিন মুন্সির ছেলে।
শহরের পালপাড়া এলাকার বাসিন্দা পিংকু বাইন গত ১৪ অক্টোবর চুরির বিষয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে তদন্তকারী চৌকস কর্মকর্তা এসআই মো. রাকিবুল ইসলাম কৌশল অবলম্বন করে চোর সনাক্ত করে চুরিকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হন।
অভিযোগ থেকে জানাগেছে, মামলার বাদী পিংকু বাইন কুমিল্লা ওয়াইডাব্লিওসিএতে চাকুরী করেন। চাকুরীর সুবাদে বাদী কুমিল্লাতে অবস্থান করেন। চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় তার স্ত্রী সাথী বাইন ও মেয়ে লগ্ন বাইন বসবাস করেন। গত ১৩ অক্টোবর স্ত্রী সাথী বাইন ও মেয়ে লগ্ন বাইনকে সাথে নিয়ে কুমিল্লায় যায়। পরিদন ১৪ অক্টোবর প্রতিবেশী ফোনে জানায় যে ঘরে ভিতরে টর্চলাইটের আলো জ¦লছে এবং বাদী বাসায় আসছে কিনা জিজ্ঞাসা করে। পরে পিংকু বাইন আশেপাশের লোকজনকে নিয়ে তার বসত ঘরে যায় এবং বসতঘরের দরজার তালা ভাঙা দেখতে পায়।
উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, আসামী শান্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে এবং তার বসত ঘরের বাথরুমের প্লাষ্টিকের দরজার ফ্রেমের ভিতর হতে চোরাইকৃত স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে ওই ব্যাক্তির ঘর থেকে চুরি যাওয়া নগদ অর্থ উদ্ধার হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আসামীকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/



